ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ৪:২১ অপরাহ্ন

শিরোনাম

৫ বছর দলের বাহিরে থেকে আবেগঘন বিদায় রুবেলের

  • আপডেট: Monday, April 20, 2026 - 1:32 pm

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় দলে নেই পাঁচ বছর ধরে। সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন এক বছরের বেশি সময় আগে। খেলার মাঠে নিজেকে প্রমাণেরও বাকি নেই কিছু। রুবেল হোসেন তাই অবসর বেছে নিলেন।

গত ১৫ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে সংবর্ধনা দেওয়া হয় এই পেসারকে।

রুবেলের বিদায়ী আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালসহ জাতীয় দলের ক্রিকেটাররা।

নিজের বক্তব্যে রুবেল বলেন, ‘আমি যখন সোশ্যাল মিডিয়াতে আমার অবসরের সিদ্ধান্ত জানাই, তখন বিসিবি সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন করে বলেন, রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। যে বিষয়টা আমার কাছে খুবই গর্বের ও আনন্দের ছিল। আর আজকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, এজন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। ’

রুবেল যোগ করেন, ‘স্কুল পর্যায় থেকে শুরু করে বিসিবির সকল কোচ, গ্রাউন্ডসম্যান, সকল ফিজিক্যাল ট্রেইনার- সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আমাকে সমর্থন দিয়েছেন, সাহস যুগিয়েছেন ও আমার পাশে ছিলেন।’

বিদায়ের আগে মিরপুরের মাটি ছুঁয়ে চুৃমু খান রুবেল। তাকে যেন ছুঁয়ে গেছে পুরোনো আবেগ। যে মাঠে ক্যারিয়ারের লম্বা সময় কাটিয়েছেন, সেখানে আর জাতীয় দলের ক্রিকেটার হিসেবে ফেরা হবে না তার।

ওয়ানডে দিয়ে ২০০৯ সালে অভিষেক হয় রুবেলের। একই বছর অন্য দুই ফরম্যাটেও অভিষিক্ত হন। ২০২১ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এই সময়ে ২৭ টেস্টে ৩৬ উইকেট নিয়েছেন রুবেল। ১০৪ ওয়ানডেতে তার শিকার ১২৯ উইকেট। ২৮টি-টোয়েন্টিতে ঝুলিতে পুরেছেন সমান ২৮ উইকেট।

ক্রিকেটকে অবশ্য পুরোপুরি বিদায় বলেননি রুবেল। ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা জানান ৩৬ বছর এই তারকা।