জামায়াতের এমপি কর্নেল আব্দুল বাতেনকে অভিনন্দন-শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পবাসীর আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক।। জাতীয় সংসদে অবহেলিত ক্যাম্পবাসীর জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনের পক্ষে জোরালো ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখায় ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্যাম্পবাসীসহ স্থানীয় সর্বস্তরের জনগণ।
আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজারের পূর্ব ঢালের উপরের বড় মসজিদ সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে এটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষিত পুনর্বাসন প্রক্রিয়া ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণে সংসদ সদস্য যেভাবে জাতীয় সংসদে ক্যাম্পবাসীর পক্ষে কথা বলেছেন, তা একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ।
স্থানীয় নেতারা বলেন, “দীর্ঘদিন ধরে ক্যাম্পবাসীরা মানবেতর জীবনযাপন করে আসছিল। কর্নেল আব্দুল বাতেন (অব:) এমপি মহোদয় আমাদের দুঃখ-দুর্দশার কথা জাতীয় সংসদে তুলে ধরে আমাদের ন্যায্য দাবিকে জোরালো করেছেন। এই সাহসী ভূমিকার জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”
মিছিলে শুধু ক্যাম্পবাসী নয়, সংহতি জানিয়ে অংশ নেন স্থানীয় সাধারণ মানুষও। এতে এলাকাজুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই মনে করেন, সংসদ সদস্যের এই উদ্যোগ ক্যাম্পবাসীর জন্য নতুন আশার দ্বার উন্মোচন করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সংসদ অধিবেশনে কর্নেল আব্দুল বাতেন (অব:) তাঁর নির্বাচনী এলাকার অবহেলিত ক্যাম্পবাসীদের নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে স্থায়ী পুনর্বাসনের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।











