শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ডেস্ক রিপোর্ট।। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও জোরপূর্বক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করে অবমাননা করা হয়েছে।
বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে এইচএসসি পরীক্ষার্থীরা দলে দলে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এতে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরা ও সায়েন্সল্যাব ছাড়া অন্য কোথাও কর্মসূচি শুরু হওয়ার খবর পাওয়া যায়নি।











