ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

লামা মিরিঞ্জা পাহাড়ে পর্যটন রিসোর্টে হামলা ও অগ্নিসংযোগকারী প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 8:07 pm

লামা (বান্দরবান) সংবাদদাতা।।

লামা উপজেলার মিরিঞ্জাভ্যালী এলাকায় অবস্থিত “জঙ্গল বিলাস” রিসোর্টে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির ঘটনায় মামলার প্রধান আসামি অনিক ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বেশ কিছুদিন ধরে লামায় শান্তিপূর্ণ সাম্প্রদায়িক সহাবস্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করে আসছে গুটি কয়েক ত্রিপুরা যুবক। এই একাধারে চাঁদাবাজি, স্পর্শকাতর ইস্যু তৈরি করতে ভূমি দখল, গায়ে পড়ে ঝগড়া ও সর্বশেষ অগ্নিসংযোগ করে। তাদের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে প্রকাশ, গত ১০ মার্চ একদল সন্ত্রাসী রিসোর্টে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দেয়। এর পর ২৩ মার্চ প্রকাশ্যে দিবালোকে অনিক ত্রিপুরার নেতৃত্বে অন্যরা দেশীয় অস্ত্র ও পেট্রোল নিয়ে রিসোর্টে ঢুকে ভাঙচুর করে, পরে আগুন লাগিয়ে দেয়।

আগুনে রিসোর্টের স্থাপনা, স্টোররুম, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় তারা নগদ ৯২ হাজার ৫০০ টাকা লুট করে। এই নৈরাজ্যকর বর্বরতায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের পর এসব চিহ্নিত সন্ত্রাসীরা পরবর্তীতে চাহিদামতো চাঁদা না পেলে রিসোর্ট কর্তৃপক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। বিষয়টি লামা থানায় জানানো হয়, তবে মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় ভিকটিম লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশ্রয় নেন। বিজ্ঞ আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার আদেশ দিলে ১৩ এপ্রিল লামা থানার মামলা নং ০৪ রুজু হয়। ধারা- ২৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮৫/৪৩৫/৪২৭/৫০৬(২)/৩৪। এ দিন (সোমবার) বিকেলে এসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় এজাহারনামীয় ০১ নং আসামি অনিক ত্রিপুরা (৪০) কে পৌর শহর থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

এদিকে বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মহল বিশেষের ইন্ধনে পাহাড়ে সস্তা রাজনীতির ইস্যু তৈরির পায়তারা চলেছে বলে গুঞ্জন হচ্ছে।