ঢাকা | এপ্রিল ১০, ২০২৬ - ৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম

বৈসাবির আমেজে মুখর খাগড়াছড়ি: সাংগ্রাই উৎসবে প্রাণ ফিরে পেল মারমা সংস্কৃতি

  • আপডেট: Friday, April 10, 2026 - 3:59 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই’ উৎসবের বর্ণিল আয়োজন। উৎসবের ছোঁয়ায় ইতোমধ্যেই প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পাহাড়ি জনপদ।

“সম্প্রীতির বন্ধন, ঐতিহ্যের গান, সাংগ্রাই হোক মিলনের প্রাণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী ‘দঃ’ ও আলারী খেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী।

মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্য দিয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পায় মারমা সংস্কৃতি। ‘দঃ’ খেলা, গিলা খেলা ও আলারীসহ নানা লোকজ খেলায় অংশ নেন তরুণ-তরুণীরা। পাশাপাশি পানি খেলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো এলাকাকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে।

উদ্বোধনী পর্বে মারমা তরুণীদের বর্ণিল নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে। ঐতিহ্যবাহী পোশাক, সুর ও ছন্দে ফুটে ওঠে মারমা জনগোষ্ঠীর স্বকীয় সংস্কৃতির অপরূপ সৌন্দর্য।

এদিকে, বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িজুড়ে বইছে উৎসবের আমেজ। আগামী ১২ এপ্রিল চাকমাদের ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হবে বৈসাবির আনুষ্ঠানিকতা। একই দিনে ত্রিপুরাদের বৈসু এবং বাংলা নববর্ষের দিন থেকে শুরু হবে মারমাদের তিনদিনব্যাপী সাংগ্রাই উৎসব।

উৎসব ঘিরে এখন পাহাড়জুড়ে একটাই বার্তা-সম্প্রীতি, ঐতিহ্য আর মিলনের আনন্দ।