ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ৯:০৯ অপরাহ্ন

শিরোনাম

১৫ এপ্রিল ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসব: সমাগম ঘটবে লক্ষাধিক লোকের

  • আপডেট: Thursday, April 9, 2026 - 5:59 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ইউনিয়নের চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আগামী ১৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন সাংগ্রাঁই জল উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমা।

তিনি জানান, বৌদ্ধ সম্প্রদায়সহ নানা বর্ণের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান চিৎমরম। এখানে রয়েছে শত বছরের চিংম্রং বৌদ্ধ বিহার। প্রতিবছর বর্ষবরণ ও বর্ষবিদায়কে ঘিরে বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জল উৎসব। এদিন মারমা যুবক-যুবতীরা পরস্পরকে পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের দুঃখ, গ্লানি, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছরকে বরণ করবেন।

এছাড়া এদিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং সাংগ্রাই শোভাযাত্রা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক উসাই মং মারমা, হ্লাসুইমং মারমা (মং), সাচিং উ মারমা এবং সদস্য সচিব মংসুই উ মারমা জানান, ১৫ এপ্রিল মূল সাংগ্রাই জল উৎসব হলেও আগামী ১৩ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত তিন দিন বিহার প্রাঙ্গণে বসবে বৈশাখী মেলা। ব্যবসায়ীরা নানা প্রকার পসরা নিয়ে বসবে চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে। এছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক-দায়িকারা বৌদ্ধ পূজা, বৌদ্ধ মূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানোসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে।

প্রসঙ্গত: ১৯৭৬ সাল হতে অনুষ্ঠিত হওয়া ২০২৬ সালের সাংগ্রাই জল উৎসব সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর জন্য ৬৩ সদস্যবিশিষ্ট মূল কমিটি, ৯টি উপ-কমিটি এবং ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।