সংরক্ষিত নারী আসন: বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্ররা পাবেন একটি
নিজস্ব প্রতিবেদক।। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি এবং জামায়াতে ইসলামী জোট ১৩টি পাচ্ছে। সেই সঙ্গে স্বতন্ত্রদের ঝুঁলিতে যাচ্ছে একটি।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) ১১তম সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
সংসদ সদস্য রুমিন ফারহানা স্বতন্ত্রদের জোটে যাবেন না বলে জানিয়েছেন উল্লেখ করে ইসি সচিব বলেন, এক্ষেত্রে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি আর স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। তবে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল প্রকাশ এখনো স্থগিত রেখেছে ইসি।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়া ভোট স্থগিত থাকে। এছাড়া, বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় এ দুই আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বর্তমানে সংসদে বিএনপির ২০৮ এবং তাদের জোটসঙ্গী গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলনের একজন করে প্রতিনিধি রয়েছেন। আর জামায়াতের ৬৮ এবং তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়, বাংলাদেশ খেলাফত মজলিসের দুই এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের ও খেলাফত মজলিসের একটি করে আসন আছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।
আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।
হিসাব অনুযায়ী বিএনপি ৩৫টি আসন পেলেও ৫০টি সংরক্ষিত আসন পূরণ করতে সংসদের সরকারি দলকে আসন বাড়িয়ে দেওয়ার বিধান থাকায় বিএনপিকে একটি আসন বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।











