মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভোলাইয়াপাড়া এলাকা থেকে তাসলিমা আক্তার কাজল (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম সংবাদকর্মীদের জানান, পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহীম খলিল তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিহত তাসলিমা আক্তার কাজল ও তার স্বামী ইব্রাহীমের মধ্যে পারিবারিক নানা বিষয়াদি নিয়ে ঝগড়া হয়।
কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিংয়ের/বিমের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাসলিমা আক্তার কাজলকে দেখতে পেয়ে তার শিশু কন্যারা চিৎকার শুরু করে।
এসময় স্বামীও পাশের একটি ঘরে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, ‘সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে হাসপাতালে এসে লাশটি দেখতে পাই। গলায় ফাঁস দেওয়ার আলামত পাওয়া গেছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত ঘটনার রহস্য জানা যাবে।’











