ঢাকা | মার্চ ২০, ২০২৬ - ৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘পপিসিড’ জব্দ

  • আপডেট: Friday, March 20, 2026 - 12:53 am

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধভাবে পাচারের সময় প্রায় ৯শ বস্তা নিষিদ্ধ পপিসিড জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কালাইয়া বন্দর ধানহাটখলা এলাকা থেকে একটি ট্রলার ও ট্রাকসহ এসব নিষিদ্ধ মাদক জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইয়া ধানহাটখলা সংলগ্ন খালে নোঙর করা একটি ট্রলার থেকে ট্রাকে বস্তা ওঠানো হচ্ছিল। কয়েকটি বস্তায় সুপারি থকলেও অন্য বস্তাগুলোতে ছোট ছোট দানার মতো কিছু দেখে শ্রমিকদের সন্দেহ হয়।

পরে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে ঘটনাস্থলে ভিড় জমে। একপর্যায়ে বস্তা খুলে দেখা যায় সেখানে পপিসিড সদৃশ দানা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলার ও ট্রাকসহ নিষিদ্ধ পপিসিড জব্দ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারের চালক প্রথমে বস্তার ভেতরে সুপারি রয়েছে বলে দ্রুত ট্রাকে তোলার নির্দেশ দেন। কিন্তু কিছু শ্রমিক অন্য বস্তাগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি তাদের চুপ করে কাজ করতে বলেন। এতে শ্রমিকদের সন্দেহ আরও বেড়ে যায় এবং তারা স্থানীয়দের খবর দেন।

ঘটনার পর থেকে ট্রলারের চালক ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। কালাইয়া বন্দরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা উত্তম দাসের নামও এ ঘটনায় সামনে এসেছে বলে জানা গেছে।

একটি সূত্র দাবি করেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মিয়ানমার ও ভারত সীমান্ত এলাকা থেকে পপি বীজ ও মাদকদ্রব্য বাউফলে এনে খালাস করে পরে সড়কপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে থাকে।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ট্রলারে প্রায় ৯শ বস্তা ছিল। এগুলো আসলে পপি বীজ কি না তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত বিষয় জানা যাবে।