দীঘিনালায় সেনা-ফরেস্টের অভিযানে ১০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ, ট্রাক আটক
মো. আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। একই সঙ্গে কাঠ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব কাঠ জব্দ করা হয়। পরে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।
অভিযানে বন বিভাগের জামতলী বন শুল্ক ও পরীক্ষা ফাঁড়ির (এসও) স্টেশন কর্মকর্তা মোহাম্মদ তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি জানান, জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। আটক করা ট্রাকটির নম্বর চট্টমেট্টো-১১৪৫৬৭।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে পাচার করে আসছিল।











