লামায় ভূমি মালিকানা, দখল-বেদখল প্রতিযোগিতা চলছে
লামা (বান্দরবান) প্রতিনিধি।।
লামা উপজেলা সরই ইউনিয়নে ভূমি মালিকানা ও দখল-বেদখল অব্যাহত প্রতিযোগিতা, আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা। ভূমির মালিকানা ও দখল বিরোধ নিয়ে লামা থানাধীন সরই ইউনিয়নের ৩০১ নং সরই মৌজা কেল্লাছড়াপাড়ার বাসিন্দা মোঃ জামাল উদ্দিন নামের এক প্রজা কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ বরাবর একটি অভিযোগ করেন। অভিযোগে প্রকাশ, প্রতিবেশী আজিজুল নামের এক বাসিন্দা জোরজবরদস্তি করে জামাল উদ্দীনের বসতভিটার অংশ পৈত্রিক সম্পত্তিতে সৃজিত গাছ বাগানে ঘর নির্মাণ করে দখল করে নেওয়ার চেষ্টা করছে। অভিযোগে উল্লেখ করা হয়, ‘জবর দখলের কাজে বাধা দিতে গেলে আজিজুল গং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও মামলা দিয়ে হয়রানি করার ধমক দিচ্ছে।’
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, জামাল উদ্দীনের পিতার নামীয় ৩০১ নং সরই মৌজায় আর/৫৪ নং হোল্ডিংয়ে ১ম, ২য় ও ৩য় শ্রেণির মোট ৫ একর জায়গা রেকর্ডভুক্ত আছে। যার চৌহদ্দি: উত্তরে- চলাচল রাস্তা, দক্ষিণে- নিজ ও আব্দুর রহমান, পূর্বে- ঝিরি, পশ্চিমে- পাহাড়।
সেখানে পুকুর, বসতবাড়িসহ জামাল উদ্দিনের ভাই জালুর দখল বিদ্যমান। তাদের পৈত্রিক সম্পত্তির পশ্চিম-উত্তর অংশে টিলার ঢালুতে সৃজিত বেলজিয়াম বাগানের প্রায় তিন একর জায়গা আজিজুল নিজের দাবি করে একটি ঘর নির্মাণ করেন। আজিজুল দাবি করেন জায়গাটি তার পৈত্রিক সম্পত্তির অংশ, লাগোয়া ক্রয়কৃত এবং তা নামে রেকর্ড রয়েছে।
এদিকে জামাল উদ্দীন জানান, ওই জায়গাটি তাদের মাথাখিলা খাস দখলীয় এবং সৃজিত বাগান। কিন্তু আজিজুল নিজের ক্রয়কৃত জায়গা দাবি করে দখল করার চেষ্টা করছে।
এ বিষয়ে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, জায়গার মালিকানা বিষয়টি ভূমি বিভাগ নিশ্চিত করবে, তবে আইন-শৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে দেবে না পুলিশ।
এ বিষয়টি লামা উপজেলা ভূমি অফিসের নজরে দেওয়া উচিত বলে দাবি করেছেন স্থানীয়রা।











