ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপুল বড়ুয়া

  • আপডেট: Thursday, February 26, 2026 - 8:36 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অপরাহ্নে তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্যাণী বড়ুয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অবসরজনিত কারণে কল্যাণী বড়ুয়ার শেষ কর্মদিবস ছিল একই দিন।

বিপুল বড়ুয়া ২০০২ সালের ২৩ মে সহকারী শিক্ষক হিসেবে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়-এ যোগদান করেন। পরবর্তীতে ২০০৩ সালের ৪ আগস্ট তিনি নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগ দেন। এরপর থেকে তিনি সুনামের সঙ্গে প্রথমে সহকারী শিক্ষক এবং পরে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ৩০ জুন তিনি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেন।

শিক্ষা প্রশাসনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তিনি সক্রিয়। বিপুল বড়ুয়া কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সিনিয়র কণ্ঠশিল্পী ও প্রাক্তন যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্র-এর নজরুল সংগীত ও আধুনিক গানের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।