গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসা থেকে বৃত্তি পেল ১১ শিক্ষার্থী
লংগদু প্রতিনিধি|| বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় রাঙামাটি জেলার লংগদুতে গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসা থেকে ১১ জন ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১১ জনই বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং বাকি ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
২৫ ফেব্রুয়ারি বুধবার প্রকাশিত ফলাফলে জানা যায়, লংগদু উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মো. আবরার ফাহিম, মো. মুশফিকুর রহমান রাফি, মোহাম্মদ ইশরাত জাহান মিম, তাসমিয়া আফরোজ জান্নাত, মোছা. রাইসা জাহান। তারা সবাই গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসার শিক্ষার্থী।
অপরদিকে একই প্রতিষ্ঠান থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তারিকুল ইসলাম, সোলায়মান হোসেন, মো. সোলেমান, ফাহিম, তানভির ইসলাম।
জানা গেছে, এবার লংগদু উপজেলার জন্য ইবতেদায়ী বৃত্তির কোটা ছিল ২০টি। এর মধ্যে ট্যালেন্টপুল ৬টি এবং সাধারণ গ্রেডে বৃত্তির কোটা ছিল ১৪টি। উপজেলার ট্যালেন্টপুল বৃত্তির সবগুলোই অর্জন করেছে গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসার শিক্ষার্থীরা। সাধারণ গ্রেডের বৃত্তি পেয়েছে ৫টি।
শিক্ষার্থীদের সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, আমাদের যথাসাধ্য চেষ্টা ছিল, যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। অভিভাবকরাও সচেতন ছিলেন। শিক্ষার্থীরাও পরিশ্রম করেছে। সবার আন্তরিক প্রচেষ্টার সুফল আল্লাহ দিয়েছেন। আমরা এতে অনেক আনন্দিত।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইবরাহীম খলিল বলেন, গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসা একটি নতুন প্রতিষ্ঠান। এবারই প্রথম আমাদের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথমবার অংশ নিয়েই উপজেলার সেরা ফলাফল করেছে, এটা অত্যন্ত খুশির খবর। আগামীতে যাতে আমাদের শিক্ষার্থীরা আরও ভালো করতে পারে, সেই প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।











