ঢাকা | ফেব্রুয়ারী ১০, ২০২৬ - ৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে প্রস্তুত ২২টি ভোটকেন্দ্র: ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

  • আপডেট: Tuesday, February 10, 2026 - 5:30 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৎমধ্যে ৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, কাপ্তাই থানাধীন ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি হাই স্কুল, মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম হাই স্কুল ও আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে চন্দ্রঘোনা থানার ওসি এস. এম. সাকের জানান, চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম ইউনিয়নের চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাইখালী ইউনিয়নের ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, কাপ্তাইয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা টহলে থাকবেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৫০ হাজার ৯৫৯ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪৪১ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৫১৮ জন।

২২টি ভোটকেন্দ্রে ১০০টি পোলিং বুথে ২২ জন প্রিসাইডিং অফিসার, ৯৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।