ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

এমপি গাজী নজরুলের স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক।। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় নিহতের মামা ও গাড়িচালক ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আসামি ওবায়দুরের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আজ আদালতে আসামির উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী গোলাম সাবের চৌধুরী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে।

আদালত সূত্রে জানা যায়, ৩৮ বছর বয়সী ওবায়দুর রহমান নিহত মরিয়মের আপন মামা এবং একই সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন, ভিকটিমের সঙ্গে প্রধান আসামির কিছু আপত্তিকর ভিডিও ফুটেজ ফাঁসের পেছনে ওবায়দুরের সম্পৃক্ততা রয়েছে এবং সেখান থেকেই মূলত ঘটনার সূত্রপাত। এছাড়া মরিয়মের বিয়ে ও কাবিননামার ক্ষেত্রেও ওবায়দুর অন্যতম সাক্ষী ছিলেন। ঘটনার পেছনে তার কোনো ইন্ধন রয়েছে কি না এবং মামলার মূল রহস্য উদ্ঘাটনের স্বার্থে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, ওবায়দুর অনৈতিক কাজের প্রতিবাদ করতে গিয়েছিলেন বলেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। এর আগে প্রধান আসামির বিরুদ্ধে তিনি একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন, যার জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত