ঢাকা | সেপ্টেম্বর ২৭, ২০২৬ - ৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

মোংলা নদীতে ফুল ছিটিয়ে ও রঙিন নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পাল

মোংলা প্রতিনিধি।। বাগেরহাটের মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে এবং প্রতীকী কাগজের রঙিন নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের মোংলার নারিকেলতলা নদীপাড়ে আলোচনা সভা, মানববন্ধন, গণগোসল ও সাঁতার প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উত্তরণ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

সকালে নদী ও জেলে জীবন সুরক্ষার দাবিতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীর কাছে স্মারকলিপি প্রদান করেন পরিবেশকর্মীরা। পরে ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পশুর রিভার ওয়াটারকিপার ও ‘ধরা’-এর কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উত্তরণের খুলনা অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মণ্ডল ও আব্দুর রশিদ হাওলাদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ছাই, গরম পানি ও কয়লা দূষণের কারণে পশুর নদীসহ সুন্দরবনের নদ-নদী ও খালের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। নদী, জেলে জীবন এবং মৎস্যসম্পদ রক্ষায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে অবিলম্বে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি জানান তিনি।

উত্তরণের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আদালতের রায়ে নদীকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা করা হয়েছে। তাই নদী রক্ষায় দখল-দূষণ বন্ধের পাশাপাশি জেলেদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা জরুরি।

আলোচনা সভার আগে শিশুরা নদীর প্রতি ভালোবাসা জানিয়ে ফুল ছিটায় এবং কাগজের রঙিন নৌকা ভাসায়। এরপর মোংলা নদীতে গণগোসল, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য ছিল— “বন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে পানি বাঁচবে, পানি বাঁচলে জীবন বাঁচবে।”

সম্পর্কিত