ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, বিকেলে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্বক এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দেবেন।

বৈঠকে জামায়াত নেতারা বলেন, হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন। পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদেরকে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে।

এ সময় বক্তারা এ ঘটনায় অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে মহানগর হলরুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান।

এ ছাড়া মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, সৈয়দ জয়নুল আবেদীন, আব্দুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হকসহ মহানগর দক্ষিণের বিভিন্ন জোন পরিচালক ও মজলিসে শুরা সদস্য এবং থানা আমিররা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত