ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি এবং সেফ স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসনে ৫০-৬০ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে। এখন মূল লক্ষ্য ভাঙা সড়ক সংস্কার ও নাগরিক সেবা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নগরীর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, বিপ্লব উদ্যান চট্টগ্রামের একটি ঐতিহাসিক স্থান। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। এই উদ্যানকে রমনা পার্কের আদলে সাজিয়ে সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত সবুজ পার্ক হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ডিজিটাল আকারে সংরক্ষণ করা হবে, যাতে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারে। তিনি সতর্ক করে বলেন, উদ্যানের উন্নয়ন কাজে কোনো ধরনের বাধা জনগণের স্বার্থবিরোধী হিসেবে বিবেচিত হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্লাস্টিক ও পলিথিন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেয়র বলেন, এর কারণে কর্ণফুলি নদী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ প্রকল্প চালু হলেও নাগরিক অনীহা ও অভিযোগের কারণে তা পুনর্বিবেচনা করা হচ্ছে। জনগণ আগ্রহ দেখালে প্রকল্প আবার চালু করা হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান আনতে নতুন ল্যান্ডফিল্ড কেনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প বাস্তবায়ন হলে ময়লা থেকে বিদ্যুৎ, সার ও অন্যান্য সম্পদ উৎপাদন সম্ভব হবে।

নগর সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নের জন্য সিটি গভর্নমেন্ট অপরিহার্য। সব সেবাদানকারী প্রতিষ্ঠান যদি একটি নগর সরকারের অধীনে আসে, তবে মৌলিক সেবা নিশ্চিত করে আধুনিক ও টেকসই চট্টগ্রাম গড়ে তোলা সহজ হবে।

সম্পর্কিত