মোংলা বন্দরের সিবিত্র নির্বাচন দাবিতে তলবি সভা ও পরিচালনা কমিটি গঠন
মোংলা প্রতিনিধি।। দীর্ঘ দিন ধরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিত্র নির্বাচন না হওয়ায় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (রেজিঃ নং-১৯৫৭) কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ তুলে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। এ দাবিতে অনুষ্ঠিত বিশেষ তলবি সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে মোংলা বন্দর সিবিএ ভবনের প্রধান কার্যালয় চত্বরে সংঘের গঠনতন্ত্রের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ তলবি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৫৬০ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা, খুলনা ও হিরণ পয়েন্টসহ বিভিন্ন ইউনিটের কর্মচারীরা ভার্চুয়ালি যুক্ত হন।
সংঘের প্রবীণ সদস্য মো. নাসির উদ্দিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
যৌথভাবে সভা পরিচালনা করেন মো. সারোয়ার হোসেন ও মো. মতিউর রহমান।
সভায় বক্তব্য দেন ফজলুল হক, জাহাঙ্গীর আলম, এস এম মনির হোসেন, মোশারফ হোসেন ও রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, সংঘের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ১৭ অক্টোবর। দুই বছরের মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন হয়নি। ২০২৪ সালের ২১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হলেও হাইকোর্টের আদেশে তা স্থগিত হয়। পরে আপিল বিভাগের আদেশে আইনি জটিলতা কেটে যাওয়ার পর ৬ মে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও নির্বাচনের আগের দিন বাগেরহাটের যুগ্ম জেলা জজ আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে নির্বাচন আবারও স্থগিত হয়ে যায়।
পরে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন একটি অ্যাডহক কমিটিও গঠন করেন। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না হওয়ায় কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ও সাংগঠনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
সভায় জানানো হয়, নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলতি বছরের ১৩ মে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, খুলনা গঠনতন্ত্রের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীকে।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগকে এবং সদস্য করা হয়েছে ঊর্ধ্বতন হিসাব রক্ষণ কর্মকর্তা (আয়) মোঃ নিয়ামুর রহমানকে।
সভায় বক্তারা আরো বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে একটি দক্ষ ও নির্বাচিত সিবিএ কমিটির বিকল্প নেই।
তাদের দাবি, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ কর্মচারীরা এখন নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি বা সুযোগসন্ধানী গোষ্ঠী যাতে কর্মচারীদের অধিকার ক্ষুন্ন করতে না পারে, সে জন্য দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তারা।











