শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
সিলেট সংবাদদাতা।। সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি সিটি করপোরেশনের একটি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন।’
এদিকে দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বেলা ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে আজই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরীর রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়কের ডিভাইডারে সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ, নতুন রং করে নগরীকে ঝকঝকে রূপ দেওয়া হয়েছে। নগর থেকে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুনও অপসারণ করে নিয়েছে সিলেট সিটি করপোরেশন।











