ঢাকা | মে ৩, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাজেকে আনন্দ মিছিল

  • আপডেট: Sunday, May 3, 2026 - 8:10 pm

নিজস্ব প্রতিবেদক।। রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় ছাত্রদল। রোববার (৩ মে) বিকেলে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে বাঘাইহাট বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা নবগঠিত জেলা কমিটির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইউসুফ আলী, সাজেক শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম মানিক এবং সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিনসহ স্থানীয় ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে রাঙ্গামাটি জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।

সাজেক থানা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, “আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরা সবসময় সোচ্চার থাকব।”

পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সফলতা কামনা করে সংগঠনের ঐক্যবদ্ধ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।