ঢাকা | মে ৫, ২০২৬ - ৪:১৯ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গামাটিতে জীবনের নিরাপত্তা চেয়ে দোষীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অসহায় পরিবার

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 3:30 pm

 

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির লংগদুতে জীবনের নিরাপত্তা চেয়ে ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গুলশাখালী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা নুর নবী (৩১) ও তার স্ত্রী-সন্তান।

ভুক্তভোগী নুর নবী (৩১), পিতা মৃত আবু তাহের জানায়, সাকিল ও মোফাজ্জল, সাকিলের ভাই নুর আলমের ইয়াবা খাওয়ার ভিডিও ধারণ করে দিতে একদিন রাতে আমার বাসায় এসে জোর করে। আমাকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে আসে মোফাজ্জল ও সাকিল। আমাকে বলে, তুমি যেহেতু মোটরসাইকেল চালাও, মোটরসাইকেল অফিসে আমার ভাই নুর আলম ইয়াবা খায়, তুমি ওই ভিডিও করে দাও। আমি পারব না বলে জানিয়ে দেই, তখন মোফাজ্জল আমাকে গায়ে হাত রেখে বলে একটু পাশে আসো, কথা বলি। আমি যখন একটু দূরে যাই, একটু পরে সাকিল মোফাজ্জলকে ডাক দিয়ে বলে, নুর নবীর গাড়িতে ইয়াবা পাওয়া গেছে। এটা বলে কিছু ইয়াবা আমার হাতে দিয়ে ভিডিও ধারণ করে এবং বলে যে, এখন যদি আমার ভাইয়ের ভিডিও করে না দাও, তোমাকে পুলিশে দিবো। এছাড়াও সে নিজেকে বিভিন্ন বাহিনীর সোর্স দাবি করে বলে, আমি যা বলি সবাই তাই করে। তোকে ফাঁসাতে ১ মিনিট সময় লাগবে না।

পরবর্তীতে আমি ভয় পেয়ে তাদের কথায় রাজি হই। সাকিল আমাকে একটি মোবাইল দিয়ে বলে, তোমার পকেটে করে মোবাইলটা নিয়ে ক্লাবে ঢুকবা, ওরা যখন ইয়াবা খাবে, তাদের সোজা থাকবা, পরে চলে আসবা। আমি তাদের কথামতো কাজ করি, আর মোবাইল আবার ফিরে এসে তাদের দেই। কিন্তু এরপর তারা দুজন আমার সাথে আবার খারাপ আচরণ শুরু করে, বলে টাকা লাগবে দুই লাখ, না হয় তোকে ধরাই দিবো। ওই জায়গায় দাঁড়িয়ে আমার গাড়িটি বিক্রি করে তাদেরকে এক লাখ টাকা ব্যবস্থা করে দিয়েছি। পরবর্তীতে ভিডিওর ভয় দেখিয়ে দেখিয়ে আমার কাছ থেকে আরো ৮০ হাজার টাকা তারা নেয়। সর্বশেষ আমার ৫ বছর বয়সী মেয়ের কানের ফুল বিক্রি করে তাদের ৬ হাজার টাকা দেই। এরপর বারবার টাকা দাবি করে, টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। আমি জীবন বাঁচাতে আজ ২০ দিন যাবত পরিবার নিয়ে চট্টগ্রামে অবস্থান করি।

এর মাঝে তাদের অত্যাচারে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই। তখন আমার পরিবার আর ছোট মেয়ের দিকে তাকিয়ে ফিরে আসি। আমি এখন আমার বাড়িতে থাকতে পারছি না। আমি আপনাদের মাধ্যমে আমার সাথে হওয়া অত্যাচারের সুষ্ঠু বিচার চাই।

এদিকে এসব বিষয়ে সংবাদ সম্মেলনের পর খবর পেয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ তাদের খবর নেন এবং দ্রুত সময়ে আইনি সহযোগিতা করেন। ইতিমধ্যে দোষীদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। দ্রুত সময়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেন।