ঢাকা | মে ২৯, ২০২৬ - ৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম

যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকার টোল আদায়

  • আপডেট: Friday, May 29, 2026 - 12:25 pm

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।। ঈদযাত্রাকে কেন্দ্র করে চার দিনে যমুনা সেতু দিয়ে এক লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার নয় শ’ টাকা।

আজ শুক্রবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ মে (রোববার) থেকে ২৭ মে (বুধবার) রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন সেতু পারাপার হয়।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার প্রথম দিন ২৪ মে (রোববার) সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় তিন কোটি ১৫ লাখ ৩১ হাজার এক শ’ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় এক কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

২৫ মে (সোমবার) সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬ টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৯৬ লাখ ৪০ হাজার সাতশ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০ টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় এক কোটি ৮১ লাখ ১৭ হাজার পাঁচ শ’ টাকা।

২৬ মে (মঙ্গলবার) সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪২৬ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২১ লাখ চার হাজার দুই শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় এক কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।

ঈদের আগের দিন ২৭ মে (বুধবার) সেতু দিয়ে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় দুই কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় এক কোটি ১১ লাখ ৬ হাজার নয় শ’ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে নয়টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার করে। এর মধ্যে আলাদা করে দু’টি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হয়।