ঢাকা | মে ২৬, ২০২৬ - ৯:১৮ অপরাহ্ন

মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

  • আপডেট: Tuesday, May 26, 2026 - 7:58 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রসহ দুটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী জেলার মোঃ নুর নবী রাসেল, কুমিল্লা জেলার মোহাম্মদ কালাম এবং লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ সেলিম।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, “চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশের চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আসামি নুর নবী রাসেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে।”

তিনি আরও বলেন, “আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।”