ভবানীপুরে চলছে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই
আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রতিদ্বন্দ্বী বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, তৃতীয় রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৯৩৫৯ এবং শুভেন্দুর প্রাপ্ত ভোট ৮৪৬১। ৮০০-র বেশি ভোটে এগিয়ে মমতা।
এদিকে দ্বিতীয় রাউন্ডে ভবানীপুরে পিছিয়ে পড়েন মমতা। ১৫৫৮ ভোটে এগিয়ে যান শুভেন্দু।
এর আগে, ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে ১৯৯৬ ভোটে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু পেয়েছিলেন ১৬৭০ ভোট এবং মমতা পেয়েছিলেন ৩৬৬৬ ভোট।
ভবানীপুরে পরবর্তী দফার গণনায় পরিস্থিতি ঘুরে দাঁড়াবে, সকালে এমন পূর্বাভাসই দিয়েছিলেন শুভেন্দু। তার মতে, নবম বা দশম রাউন্ডের পরই আসল চিত্র স্পষ্ট হবে। এখনও বেশ কয়েক দফার গণনা বাকি রয়েছে।
শুভেন্দু অধিকারী বর্তমানে ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নন্দীগ্রামে তিনি এগিয়ে রয়েছেন। দুটি আসনেই জয়ী হলে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।











