বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
শনিবার (২ মে) সকালে বাঘাইছড়ি উপজেলার তুলাবন এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ৭৮ দশমিক ০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ৯০ টাকা।
মারিশ্যা ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশক্রমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপস অফিসারের নেতৃত্বে একটি টহল দল তুলাবন বটতলা আমবাগান এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে দেখা যায়, অজ্ঞাতনামা কিছু অসাধু কাঠ ব্যবসায়ী চোরাচালানের উদ্দেশ্যে সেখানে সেগুন কাঠ মজুত করে রেখেছিল। পরে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় কাঠগুলো জব্দ করে।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, চোরাকারবারিরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











