ঢাকা | জুন ১, ২০২৬ - ১:০৮ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, বাসে অগ্নিসংযোগ

  • আপডেট: Monday, June 1, 2026 - 12:12 pm

মু. আজিজ, ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে।

সোমবার (১ জুন) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার বৃন্দাবনহাট ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার উত্তর পাইন্দং আমতল এলাকার বাসিন্দা শাহজাহান এবং তাঁর ছেলে আরিফ। আরিফ বৃন্দাবনহাট ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ তাঁর বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে গ্যারেজে যাওয়ার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে একটি বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসচালকের বেপরোয়া ও অসতর্ক গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটিতে অগ্নিসংযোগ করে বলে স্থানীয়রা জানান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

এ মর্মান্তিক ঘটনায় পাইন্দংসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।