ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৬:১২ অপরাহ্ন

শিরোনাম

পারিপার্শ্বিকতার সঙ্গে খাপ খাচ্ছে না ঈদগাঁও মাছ বাজার শেডের নির্মাণ কাজ

  • আপডেট: Thursday, June 18, 2026 - 4:43 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও মাছ বাজারে নির্মাণাধীন নতুন শেডের অবকাঠামো স্থানীয় পরিবেশ ও ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। জনস্বার্থে বাজারের সব পথ উন্মুক্ত রাখা, শেডের নিচতলা খোলা রাখা এবং মাছ ব্যবসায়ীদের জন্য ইজারা মওকুফ বা শিথিল করার দাবি জানিয়েছেন তারা।

জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক এমইউপি মোকতার আহমদ বলেন, দীর্ঘ প্রায় ৫০ থেকে ৫৪ বছর ধরে মাছ বাজারের শেড উন্মুক্ত ও দুই চালা বিশিষ্ট ছিল। পরবর্তীতে পাকা অবকাঠামো নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে আলো-বাতাসহীন পরিবেশে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। বর্তমান নির্মাণাধীন শেডের নিচতলায় দেয়াল না তুলে উন্মুক্ত রাখার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বাজারের পশ্চিম পাশের সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কেবল পূর্ব পাশের একটি সড়ক দিয়ে বাজারের স্বাভাবিক ব্যবসা পরিচালনা সম্ভব নয়। উপজেলার পাঁচ ইউনিয়নসহ দূর-দূরান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে চারপাশের পথ উন্মুক্ত রাখা জরুরি।

এদিকে মাছ ব্যবসায়ীরা বাজারের ইজারা মওকুফ বা শিথিলেরও দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বাজারের অবকাঠামো নির্মাণের কারণে পুরোনো শেড ভেঙে ফেলা হয়েছে। ফলে ব্যবসায়ীদের একদিকে জায়গা ভাড়া, অন্যদিকে ইজারার অর্থ পরিশোধ করতে হচ্ছে।

ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম শহীদ বলেন, প্রায় সাড়ে চার কোটি টাকার ইজারা হলেও বাজারের ড্রেনেজ ব্যবস্থা এখনো অপরিকল্পিত। বর্তমান অবকাঠামো স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাচ্ছে না। সাধারণ মানুষের স্বস্তি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে সমন্বিত পরিকল্পনায় নির্মাণকাজ সম্পন্ন করা প্রয়োজন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মাছ বাজারের ইজারা মওকুফ বা শিথিলের অনুরোধ জানান।

এদিকে দীর্ঘদিনের মাছ ব্যবসায়ী ও এলাকাবাসী বাজারের পুরোনো সড়ক জনচলাচলের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, বাজারের প্রধান ও দ্বিতীয় সড়ক বন্ধ থাকলে মালামাল পরিবহন ও ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে।

ঈদগাঁও মাছ বাজার ভাই ভাই সমিতির সভাপতি শওকত আলম বলেন, উন্নয়ন প্রয়োজন হলেও তা যেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের ক্ষতির কারণ না হয়। পরিকল্পিতভাবে জনচলাচল ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা নিশ্চিত করেই অবকাঠামো নির্মাণ করতে হবে।

মাছ ব্যবসায়ীদের প্রতিনিধি মোহাম্মদ রুবেল বলেন, বর্তমান নির্মাণকাজ এলাকার বাস্তবতা ও পারিপার্শ্বিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।