নিজ জেলাতে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর
পঞ্চগড় সংবাদদাতা।। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় নিজ জেলাতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে (সাড়ে ৫টায়) জেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় যায়। এসময় কিছু নেতাকর্মী জাগপা দলীয় কার্যালয়ের টিনের বেড়া ভাংচুর ও কার্যালয়ের ভেতরে চেয়ার, ফ্যান সহ আসবাবপত্র ভাংচুর করে। পরে আবারো মিছিল নিয়ে চৌরঙ্গী মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় জেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতারা প্রধানমন্ত্রীর তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান। একই সাথে ডাকবার মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড় অবঞ্চিত ঘোষণা করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখনই জাগপা নেতা রাশেদ প্রধান এই কুলাঙ্গার প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছে। আমরা সারাদেশে লজ্জায় পড়ে গেছি। যে তার বাড়ি পঞ্চগড়ে। তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধিতা করতেই পারেন তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে। কিন্তু তিনি তা না করে কটুক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে এর বিচার আমরা দাবি করছি। পঞ্চগড়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কুলাঙ্গার রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে।
তবে দলীয় প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে জাগপা দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ নেতাকর্মীদের। তবে জাগপার কোন নেতাকর্মীর গায়ে হাত তোলেনি তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন জাগপা নেতাকর্মীরা।
জাগপা পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম গণঅভ্যুত্থানের পরে বাক স্বাধীনতা ফিরে পাবো। কিন্তু নব্য স্বৈরাচার বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেবো।
জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার টেবিল টিভিসহ আসবাপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোন নেতাকর্মীর উপর তারা হামলা করেনি। তারা আমাদের উপর হামলা করলে আমরা তাদের প্রতিহত করতাম।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।











