ঢাকা | মে ৫, ২০২৬ - ১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

থালাপতি বিজয়ের জয়ে রজনীকান্ত রাশমিকা ধানুশদের শুভেচ্ছা বার্তা

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 12:11 pm

বিনোদন ডেস্ক।। ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পেয়েছেন অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখরের (থালাপতি বিজয়) দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই রাজ্যের বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে টিভিকে। এই জয়ের পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন থেকে বিজয়কে অভিনন্দনে ভাসানো হচ্ছে। খবর এনডিটিভির।

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সামাজিক মাধ্যমে এক বার্তায় বিজয় ও তার দলকে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জন করে এই জয় সত্যিই প্রশংসনীয়।

অভিনেতা ধানুশ লিখেছেন, প্রথম নির্বাচনেই জনগণের ভালোবাসা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে যাওয়ায় বিজয়কে আন্তরিক শুভেচ্ছা।

তেলেগু তারকা রাম চরন বলেছেন, বিজয়ের নেতৃত্ব ও মানুষের সঙ্গে সংযোগই এই সাফল্যের মূল শক্তি।

অভিনেত্রী রাশমিকা মান্দানা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, নতুন এই যাত্রায় আপনাকে দেখে দারুণ লাগছে, শুভকামনা রইল।

এছাড়া অভিনেতা-রাজনীতিক কমল হাসানও বিজয়কে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জন করে এই জয় সত্যিই গুরুত্বপূর্ণ।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৭টিতে এগিয়ে থেকে টিভিকে রাজ্যের সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন, তবুও এই ফলাফলকে বড় রাজনৈতিক উত্থান হিসেবে দেখা হচ্ছে।

এই নির্বাচনের মাধ্যমে প্রায় তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে পা রাখা বিজয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্লেষকদের মতে, এই জয় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

বিজয়ের এই সাফল্য শুধু রাজনৈতিক নয়, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।