কাপ্তাইয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল অং মারমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কর্ণফুলি সরকারি কলেজের প্রভাষক আবু তালেব।
এ্যাডভোকেসি সভায় সরকারি কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় শুরুতে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল অং মারমা। তিনি বলেন, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার গত ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা প্রথম ৮ দিন পাড়া-মহল্লায় এবং শেষ ৩ দিন বিদ্যালয়ে গিয়ে টিকা প্রদান করবেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিনব্যাপী টিকাদান বুথ সর্বক্ষণিক খোলা থাকবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ইতোমধ্যে কাপ্তাই উপজেলায় ৪ জন হামের রোগী শনাক্ত হলেও তারা হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং তাদের কাউকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি। তিনি হাম প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।











