কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ান নাইট হেরন’ উদ্ধার
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ান নাইট হেরন’ উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় পাচারকারীরা বনবিভাগের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বনবিভাগের একটি দল পরিত্যক্ত অবস্থায় বিরল প্রজাতির পাখিটি উদ্ধার করে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া বনবিভাগের সদস্য ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পাখিটিকে উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়।
কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান জানান, উদ্ধারকৃত পাখিটি একটি বিরল প্রজাতির বক। পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তীতে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।











