এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ
আদালত প্রতিবেদক।। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম।
এদিকে সংরক্ষিত আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মনিরা শারমিনের মনোনয়ন বাতিলই থাকছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়। গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে গত ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।











