ঈদগাঁওতে আধুনিক প্রযুক্তিবান্ধব কৃষি ব্যবস্থার অংশীদার সমাবেশ অনুষ্ঠিত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়ন, স্মার্ট কৃষি ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কৃষি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাসেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি মো. মোক্তারুল ইসলাম, বাংলাদেশ বেতারের ঈদগাঁও উপজেলা সংবাদদাতা মো. রেজাউল করিম, ঈদগাঁও ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, পার্টনার ফিল্ড পুষ্টি স্কুলের পরিচালক জাহেদুল আবছার ও শাহেনা আক্তার লিলিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উত্তম কৃষি চর্চা, বাস্তবায়নে অনুসরণীয় ধাপসমূহ, স্মার্ট কৃষি ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির ধারণা, পার্টনার ফিল্ড স্কুল এবং বর্তমান সরকারের কৃষি খাতের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. বিমল কুমার প্রামাণিক বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং দেশের অধিকাংশ মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আধুনিক কৃষি ব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি গবেষণাকে অগ্রাধিকার দিচ্ছে এবং নতুন নতুন গবেষণার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।
সভাপতির বক্তব্যে বলা হয়, কৃষকদের সংগঠন এখনো সরকারিভাবে নিবন্ধিত না হওয়ায় তারা অনেক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকদের জন্য ইনস্যুরেন্স বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে জলবায়ু উপযোগী কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে সনাতন কৃষিকে জলবায়ু সহনশীল পুষ্টিকর কৃষিতে রূপান্তরের আহ্বান জানানো হয়।
কক্সবাজার সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল সালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ঈদগাঁও রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ ছোট্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া ঈদগাঁওতে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন বড়ুয়া, আবিদা নাসরিন তন্নী, শাহ আলম, অক্ষয় দাস, শাহেদ মোহাম্মদ কায়সার, আবছার কামাল, অনিরুদ্ধ বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য, সাধারণ কৃষক ও এনজিও কর্মীরা অংশ নেন।











