ঢাকা | মে ৪, ২০২৬ - ৭:০৯ অপরাহ্ন

শিরোনাম

অভিনব কায়দায় পেটে ইয়াবা পাচার, র‌্যাবের অভিযানে সাতকানিয়ায় আটক ৪

  • আপডেট: Monday, May 4, 2026 - 6:10 pm

 

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিনব কৌশলে পেটে ইয়াবা বহনের মাধ্যমে পাচারকালে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব জানায়, গত ৩ মে রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল সাতকানিয়া থানাধীন ঠাকুরদিঘী বাজার সংলগ্ন টাইম ক্যাফে রেস্টুরেন্টের সামনে মহাসড়কে অভিযান চালায়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস থেকে নামা চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আটককৃতরা হলেন— জিয়াউর রহমান (৩৫), মো. সাকের (২৮), আবু তৈয়ব (৩৫) ও জাফর মিয়া (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরীরের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করলে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের পেট থেকে ধাপে ধাপে ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে পলিথিন ও কসটেপে মোড়ানো ইয়াবার ছোট প্যাকেট মুখে গ্রহণ করে পেটে জমা রাখত এবং গন্তব্যে পৌঁছে তা নির্গত করে সরবরাহ করত। এভাবে তারা কক্সবাজার থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।