ঢাকা | মে ১২, ২০২৬ - ৬:৪১ অপরাহ্ন

শিরোনাম

৬ মাসের মধ্যে চিকিৎসাসেবার ব্যাপক উন্নতি হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট: Tuesday, May 12, 2026 - 1:02 pm

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ আমরা মানুষকে সুস্বাস্থ্য প্রদান করব। আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। আগামী ৬ মাসের মধ্যে চিকিৎসাসেবার ব্যাপক উন্নতি করব।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে তিনটায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

পরিদর্শনের কারণে সারা দেশের হাসপাতালগুলোতে ডাক্তারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের স্লোগান, প্রান্তিক পর্যায়ে প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছানো আমাদের লক্ষ্যে। যে কারণে আগামী এক বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রদান করা হবে। প্রতিটি কমিউনিটিভিত্তিক ডাক্তারি সেবা পৌঁছে দিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাসপাতালগুলোতে সশরীরে ভিজিট করে তাৎক্ষণিক সমস্যার সমাধান করা হচ্ছে। বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করে আগামী তিন মাসের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বরিশাল ক্যানসার হাসপাতাল ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে উদ্বোধন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সকে আগামী অর্থবছরে ১০০ শয্যায় রূপান্তর করা হবে। পাশাপাশি ট্রমা সেন্টার নির্মাণের বিষয়ে যে দাবি উঠেছে তা বিবেচনা করা হবে। দালালদের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালালদের কারণে রোগীরা হয়রানির শিকার হচ্ছে। হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ভ্যাকসিন না থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন এসএম মনজুর-ই-এলাহী, ডেপুটি সিভিল সার্জন শওকত আলী, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফখরুল ইসলাম মৃধা, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল প্রমুখ।