ঢাকা | মে ২১, ২০২৬ - ৫:০৮ অপরাহ্ন

শিরোনাম

সৌদি প্রো লিগের ভাগ্য নির্ধারণ আজ, রোনালদোর দিকে তাকিয়ে আল নাসর

  • আপডেট: Thursday, May 21, 2026 - 2:51 pm

স্পোর্টস ডেস্ক।। সৌদি প্রো লিগের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ। লিগের শিরোপা নির্ধারণী শেষ দিনে দামাক এফসিকে আতিথ্য দেবে আল নাসর। এই ম্যাচের ওপরই নির্ভর করছে ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসরের দলের চ্যাম্পিয়ন হওয়া না হওয়া। আজকে জিতলেই দীর্ঘ পাঁচ বছরের ট্রফি খরা ঘুচবে সিআরসেভেনের।

 

২০২৩ সালে ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমান রোনালদো। এরপর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। রিয়াদভিত্তিক ক্লাবটিতে বারবার শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি ছোঁয়া হয়নি পর্তুগিজ তারকার। সবশেষ যুভেন্তাসের হয়ে ২০২১ সালে ক্লাব পর্যায়ে অফিশিয়াল শিরোপা জিতেছিলেন রোনালদো।

 

গত সপ্তাহেই শিরোপা জয়ের খুব কাছে গিয়েছিল আল নাসর। আল হিলালের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তের গোলে ড্র করে লিগ শিরোপা নিশ্চিতের সুযোগ হাতছাড়া করে তারা। এরপর শনিবার জাপানি ক্লাব গাম্বা ওসাকার কাছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় আল নাসরের।

 

৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। লিগ শিরোপা জয়ের চাবিকাঠি তাই এখনও রয়েছে রোনালদোদের হাতেই। আজ দামাকের বিপক্ষে একটি জয়ই আল নাসরকে ক্লাবের ইতিহাসে ১১ বারের মতো চ্যাম্পিয়নের মুকুট এনে দেবে।

 

চলতি মৌসুমে আল নাসরে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ গোল করেছেন রোনালদো। তবে তাঁর সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্স ভাবাচ্ছে আল নাসরকে। দুই ম্যাচের একটিতেও জালের দেখা পাননি পর্তুগিজ তারকা।

 

 

পর্তুগাল জাতীয় দলের হয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করা রোনালদোর চোখ এখন কেবলই দামাক ম্যাচের দিকে। তবে আল নাসরের জন্য কাজটা সহজ হবে না।

 

দামাক নিজেরাও রেলিগেশন এড়ানোর মরণপণ লড়াইয়ে নামবে। বর্তমানে রেলিগেশন জোন থেকে মাত্র ২ পয়েন্ট ওপরে থাকা দামাকের জন্য লিগে টিকে থাকতে আজ অন্তত ১টি পয়েন্ট প্রয়োজন।

 

পরিসংখ্যান অবশ্য আল নাসরের পক্ষেই কথা বলছে। নিজেদের মাঠে লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত রয়েছে তারা। এছাড়া দামাকের বিপক্ষে শেষ ৯ দেখাতেই জিতেছে আল নাসর।

 

সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল আল নাসর। আল হিলালের সঙ্গে হেড-টু-হেড রেকর্ডে পিছিয়ে থাকায় আল নাসর ভালো করেই জানে—আজ ড্র বা হারলে শিরোপা চলে যেতে পারে আল হিলালের ঘরে। তাই ট্রফি উঁচিয়ে ধরতে আজ জয়ের কোনো বিকল্প নেই রোনালদোর দলের সামনে।

 

কয়েক সপ্তাহ আগে রোনালদো প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘আমি এই ক্লাবটিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে এখানে এসেছি।‘ এখন দেখার বিষয়, আজই কি সেই মাহেন্দ্রক্ষণ, নাকি দীর্ঘ প্রতীক্ষা আরও দীর্ঘ হবে।

 

আল নাসর ও দামাক এফসির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়। একই সময়ে লড়বে করিম বেনজেমার আল হিলাল ও আল ফায়হা এফসি।