ঢাকা | মে ৯, ২০২৬ - ৬:২১ অপরাহ্ন

শিরোনাম

সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত

  • আপডেট: Saturday, May 9, 2026 - 11:38 am

কসবা সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মানিক্যমুরি ও ধজনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরসালিন নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৮ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার একদল ব্যক্তি সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন। এছাড়া অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ধজনগর গ্রামের রিপন পাঠান বলেন, আমি যতটকু জানি রাতে ২০-২৫ জনের একটি দল কাঁটাতারের সামনে গেলে তাদের বিএসএফ গুলি করলে মোরসালিন গুলিবিদ্ধ হন, বাকিরা আহত হয়ে পালিয়ে যান।

ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মুইনুদ্দিন বলেন, আমরা একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, রাতে ধজনগর সীমান্তে মোরসালিন নামে এক কলেজছাত্র বিএসএফের গুলিতে নিহত হয়েছে, বিজিবি এ বিষয়ে কাজ করছে।