ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

সামাজিক ও কর্মসংস্থান উন্নয়নে সহায়তায় হাত বাড়িয়েছে দীঘিনালা জোন

  • আপডেট: Thursday, April 16, 2026 - 6:25 pm

দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের সামাজিক ও কর্মসংস্থান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা সেনা জোনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি-সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কয়েকটি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন এবং পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়। এছাড়া চারটি মাদ্রাসায় জিরা এবং একটি চার্চে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের সহযোগিতা প্রদান করে আসছে।