ঢাকা | জুন ১১, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

শান্তি ও নিরাপত্তা রক্ষায় স্থানীয়দের পাশে থাকার অঙ্গীকার সেনাবাহিনীর

  • আপডেট: Thursday, June 11, 2026 - 7:54 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় জনগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও পাড়াবাসীর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি। এতে রুমা উপজেলার বিভিন্ন গির্জার পাস্টর, বম সোশ্যাল কাউন্সিলের সদস্য, কারবারি, হেডম্যান ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ১৫৫ জন অংশ নেন।

আলোচনা সভায় জোন কমান্ডার বলেন, দেশে ধর্মীয় অনুশীলন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা বা সীমাবদ্ধতা নেই। তিনি বম সম্প্রদায়ের মধ্যে পাস্টরদের ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরে সশস্ত্র সংগঠন কেএনএর বিভিন্ন অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে আত্মসমর্পণে উদ্বুদ্ধ করা এবং মিজোরামে অবস্থানরত শরণার্থীদের নিজ এলাকায় ফিরে আসতে উৎসাহিত করার অনুরোধ জানান।

তিনি বলেন, বর্তমান সময়ে এলাকার নিরাপত্তা পরিস্থিতি অনেক স্থিতিশীল এবং এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কেএনএ শান্তিপূর্ণ পরিস্থিতি নষ্টের চেষ্টা করতে পারে বলেও তিনি সতর্ক করেন।

মিজোরাম থেকে ফিরে আসা শরণার্থী ও জেল থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দিয়ে জোন কমান্ডার জানান, আত্মসমর্পণকারী কেএনএ সদস্যদেরও পুনর্বাসনের আওতায় আনা হবে।

সভা শেষে জেল থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি এবং ভারতের মিজোরাম থেকে ফিরে আসা পরিবারের সদস্যদেরসহ মোট ৫৬টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ সময় জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী এ দেশের সাধারণ মানুষের সেনাবাহিনী। শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী জীবন নিশ্চিত করতে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকবে।