লংগদু জোনের উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ৩,৫০০ চারা
লংগদু (রাঙ্গামাটি):
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় ও লংগদু সেনা মৈত্রী বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন। তিনি বলেন, একটি চারা ভবিষ্যতে পরিণত বৃক্ষে পরিণত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি গাছ রোপণ ও তার নিয়মিত পরিচর্যা করা উচিত।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা প্রাপ্ত চারাগুলো নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।











