ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনে সর্বোচ্চ অগ্রাধিকার: এমপি দীপেন দেওয়ান

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 8:28 pm

রাজস্থলী প্রতিনিধি:

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা, অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, তিনি প্রতিদিন দুর্গত এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। তিনি বলেন, “কোনো ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সহায়তা থেকে বাদ যাবে না।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে।

এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা প্রস্তুতের আহ্বান জানান। দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা রফিক আহম্মদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর সি, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মেম্বার, সহসভাপতি ছকির আহম্মদ ও চাথোয়াই মারমা, যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন ও রফিক আহম্মদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে এমপি দীপেন দেওয়ান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান বিভিন্ন দপ্তরে জনবল সংকট, অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আরও সরকারি সহায়তার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। এমপি সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

এর আগে তিনি উপজেলার তাইতংপাড়া এলাকায় হ্নারা খালের ওপর নির্মাণাধীন অসমাপ্ত সেতু পরিদর্শন করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দ্রুত পুনর্বাসনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।