রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাকিবুল হাসান বলেন, কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারা আগুনের খবর পায়। খবর পাওয়ার মাত্র ১৩ মিনিটের মাথায় অর্থাৎ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বর্তমানে ৫টি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মাতুয়াইল এলাকার সাদ্দাম মার্কেটের কাছে তামিরুল মিল্লাত মহিলা মাদরাসার বিপরীত পাশের একটি ফোম কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশে শত শত উৎসুক মানুষ ভিড় জমান।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।











