ঢাকা | মে ১৯, ২০২৬ - ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

মায়ানমার অভ্যন্তরে নাফ নদীতে গোলাগুলি, আতঙ্কে স্থানীয় জেলেরা

  • আপডেট: Monday, May 18, 2026 - 10:20 pm

এম এ হাসান, টেকনাফ।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদীর পূর্ব পাশে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে নদীতে মাছ শিকারে থাকা জেলেরা দ্রুত নিরাপদে ফিরে আসেন।

সোমবার (১৮ মে) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত মায়ানমারের অভ্যন্তরে নাফ নদীর তীরে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নাফ নদীতে মাছ শিকারে থাকা কয়েকজন জেলে জানান, সকালে মাছ ধরার সময় তারা নদীর উত্তর দিক থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মায়ানমারের অভ্যন্তর থেকে হঠাৎ থেমে থেমে শতাধিকের কাছাকাছি গুলির শব্দ শোনা যায়। আতঙ্কের কারণে কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্টভাবে দেখতে পারেননি তারা। পরে প্রাণভয়ে দ্রুত নদী ত্যাগ করে নিরাপদ স্থানে চলে আসেন।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদী সীমান্তের পূর্ব পাশে মায়ানমারের অভ্যন্তরে গোলাগুলির বিষয়টি তারা অবগত রয়েছেন। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।