ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ৭:৩২ অপরাহ্ন

শিরোনাম

ভারতে পাচারকালে রাঙামাটির বরকলে বিজিবির হাতে ২,১০০ কেজি ইউরিয়া সার জব্দ

  • আপডেট: Friday, July 10, 2026 - 5:18 pm

বরকল প্রতিনিধি

রাঙামাটির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে ছোট হরিনা বিজিবির অধীনস্থ ১২ বিজিবি ঘাট এলাকায় নদীপথে চলাচলকারী একটি নৌযানে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নদীপথে টহল জোরদারের পাশাপাশি চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হয়।

অভিযানে ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অংশ নেয়। তল্লাশির একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় সারসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গত মাসেও পৃথক অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করা হয়েছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।