ঢাকা | জুন ২, ২০২৬ - ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম

বাঘমারা বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন মাধবী মার্মা

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 7:08 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত নারী আসন-৩৩৪ এর সংসদ সদস্য মাধবী মার্মার উদ্যোগে এ অনুদান বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বাঘমারা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য মাধবী মার্মা ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করেন। একই সঙ্গে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে মাধবী মার্মা বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা প্রকৃতপক্ষে অপূরণীয়। তারপরও আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবো।”

জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। বর্তমান জেলা প্রশাসক তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার জানান, ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের প্রত্যেকের মোবাইল নম্বরে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট এম. এ. আজিজ, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৭ মে ভোর ৪টার দিকে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর পরিস্থিতির মধ্যে পড়ে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।