ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

বাউফলে সংসদ সদস্য মাসুদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট: Friday, April 24, 2026 - 10:53 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল উপজেলার সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার কাগজের পোল ইবনে সিনা আউটডোর-এ এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে প্রায় এক হাজারের অধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। পাশাপাশি প্রেসার ও ডায়াবেটিস মাপার জন্য আলাদা বুথ স্থাপন করা হয়, যেখানে পাঁচ শতাধিক রোগী তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। এছাড়া মৌসুমি ঠান্ডা, সর্দি, কাশি ও জ্বরের রোগীরা চিকিৎসা নিয়ে বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।

চোখের চিকিৎসার জন্য আলাদা বুথে সেবা দেন ইবনে সিনা মেডিকেলের সহকারী অধ্যাপক ও চক্ষু সার্জন ডা. জাকিয়া ফারহানা। প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র প্রদানসহ প্রয়োজনীয় চশমা, ড্রপ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

সেবা নিতে আসা নাজিরপুর উপজেলার রহিমা খাতুন বলেন, “এত ভালোভাবে বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুব উপকার হয়েছে।” বগা ইউনিয়নের আব্দুস সালাম বলেন, “এ ধরনের উদ্যোগ গ্রামীণ মানুষের জন্য অনেক সহায়ক।” দাসপাড়া এলাকার বৃদ্ধ কেরামত আলী বলেন, “ডাক্তার দেখাতে শহরে যেতে হয়, এখানে এসে সহজেই চিকিৎসা পেলাম।”

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্য থেকেই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ অনেক সময় অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না, ফলে ছোট রোগ বড় আকার ধারণ করে। তাই সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিরোধমূলক চিকিৎসার দিকেও সবাইকে গুরুত্ব দিতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন মানুষকে সুস্থ রাখতে সহায়ক। বিশেষ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক রোগ সম্পর্কে সচেতনতা জরুরি।

এমপি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা দরকার। শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ ঘটাতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভবিষ্যতেও বাউফলবাসীর কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্বাস্থ্য খাতে আরও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ, বাউফল উপজেলা শিবির সভাপতি আরিফ হোসেন এবং অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।