ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

বরকলের সীমান্তবর্তী বড় হরিনায় ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Friday, April 17, 2026 - 7:02 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম সীমান্তবর্তী বড় হরিনা এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভার আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর উদ্যোগে বড় হরিনা বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান জ্বালানি সংকটকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুদ প্রতিরোধ, মাদক পাচার রোধ এবং গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এসময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, নারী ও শিশু পাচার প্রতিরোধে স্থানীয়দের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এছাড়া এলাকায় চাঁদাবাজি বন্ধে সতর্ক থাকার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাম্প কমান্ডার তার বক্তব্যে দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে বিজিবির তৎপরতার কথা তুলে ধরেন।