ফুটপাত দখলমুক্ত করাসহ ঈদগাঁও উপজেলা প্রশাসনের ৯ নির্দেশনা, বাস্তবায়নে সময় ৭ দিন
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ৯ দফা জরুরি নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামী সাত দিনের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা প্রতিপালন না করলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ জুলাই রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদগাঁও স্টেশন ও ঈদগাঁও বাজার এলাকার ফুটপাত এবং সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত সব অস্থায়ী দোকান আগামী সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। এছাড়া দোকানের পণ্যসামগ্রী রাস্তা বা ফুটপাতে না রেখে দোকানের ভেতরে সংরক্ষণ করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাছ, মাংস, সবজি, ফল ও মুদি দোকানসহ সংশ্লিষ্ট সকল ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে।
যানজট কমাতে মালবাহী বড় ট্রাকগুলোকে রাত ১০টা থেকে সকাল ৯টার মধ্যে মালামাল লোড ও আনলোড কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে অটোরিকশা, টমটম ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল একমুখী (ওয়ানওয়ে) করার উদ্যোগ এবং নির্দিষ্ট পার্কিং পয়েন্ট নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স বহন এবং হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে উপজেলার লবণবাহী ট্রাক ও লবণ মিলগুলোকে সরকারি বিধি-বিধান মেনে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ করাতকল (স-মিল) চিহ্নিত করে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সাত দিনের সময়সীমা শেষ হওয়ার পর কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







