ফিফা বিশ্বকাপ: দুর্ধর্ষ চুরিতে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন নিরাপত্তা বিপর্যয়ে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক।। যুক্তরাষ্ট্রের মাটিতে নজিরবিহীন নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল অনুশীলন সেশনে নামার আগেই চুরি হয়ে গেছে ইংলিশ তারকাদের ম্যাচের বুটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রীড়াসামগ্রী।
টুর্নামেন্ট শুরুর আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের তীব্র গরমে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে টমাস টুখেলের দল। সেখান থেকে ফুটবলারদের সরঞ্জাম ও মালামাল মিসৌরির সোপ সকার ভিলেজ প্রশিক্ষণ ক্যাম্পে পরিবহনের সময় এই চুরির এই ঘটনা ঘটে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ইংল্যান্ডের তারকা ফুটবলারদের কাস্টমাইজড ম্যাচ বুট, ফিফার অফিসিয়াল ম্যাচ বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জাম রয়েছে।
এই নজিরবিহীন ঘটনায় তদন্তে নেমেছে কানসাস সিটি পুলিশ বিভাগ। ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করার কথা নিশ্চিত করেছে তারা।
পুলিশের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ ’তদন্তের স্বার্থে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।‘
আজ শনিবার বিকেলেই কোচ টমাস টুখেলের অধীনে কানসাসে প্রথমবারের মতো অনুশীলনে নামার কথা রয়েছে হ্যারি কেইন-জুড বেলিংহামদের। এমন সময়ে এই চুরির ঘটনা পুরো কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে বেশ বড়সড় মাথাব্যথার মধ্যে ফেলে দিয়েছে।
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হওয়া বিশ্বকাপে ‘এল’ গ্রুপে ইংল্যান্ড। বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৬৬ চ্যাম্পিয়নরা।











